অপরাধ
ছবি: সংগৃহীত

নড়াইলে তেল না পেয়ে বাকবিতণ্ডা, ট্রাকচাপায় ফিলিং স্টেশন ম্যানেজারকে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

নড়াইলে জ্বালানি তেল না পাওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়কের পাশে অবস্থিত তানভির ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

ফিলিং স্টেশন কর্মীদের দাবি, রাত ১২টার দিকে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে এসে না পেয়ে ম্যানেজার নাহিদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ২টা ১০ মিনিটে নাহিদ মোটরসাইকেল নিয়ে পাম্প থেকে বের হলে ট্রাক নিয়ে তাকে অনুসরণ করা হয়। কিছু দূর যাওয়ার পর মোটরসাইকেলটিকে চাপা দেয় ট্রাকটি এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। নিহত নাহিদ সরদার এলাকায় দুটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে অভিযুক্ত ট্রাকচালক সুজাত মোল্যার বাড়ি একই এলাকায় বলে জানা গেছে। ঘটনার পর থেকে তার পরিবার বাড়ি ছেড়ে চলে গেছে।

তুলারামপুর হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় কয়েকদিন ধরে জ্বালানি তেলের সংকট চলছে, যার কারণে ফিলিং স্টেশনগুলোতে প্রায়ই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

মতামত দিন