আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ থামাতে নতুন কৌশল খুঁজছেন ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধকে স্বল্পমেয়াদি হিসেবে উপস্থাপন করতে নিজের টিমকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, প্রশাসনের ভেতরে দীর্ঘমেয়াদি সংঘাত এড়িয়ে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক একটি হিব্রু ভাষার বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের ভেতরে যুদ্ধের সময়সীমা নিয়ে উদ্বেগ রয়েছে। তাই জনসম্মুখে এ সংঘাতকে সীমিত সময়ের মধ্যে শেষ হবে—এমন বার্তা দিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।

জায়নবাদী বিশ্লেষক ইলি লিওনের মতে, ট্রাম্প তার ঘনিষ্ঠদের স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতে যেতে আগ্রহী নন। বরং আলোচনা ও সমঝোতার পথ খুঁজে বের করার ওপর জোর দিচ্ছেন।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনেও একই ধরনের ইঙ্গিত পাওয়া গেছে। সেখানে বলা হয়, হোয়াইট হাউস থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেন গণমাধ্যমে এমন ধারণা দেওয়া হয় যে সংঘাতটি কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে, সম্ভাব্য সময়সীমা ধরা হচ্ছে চার থেকে ছয় সপ্তাহ।

তবে বাস্তব পরিস্থিতি নিয়ে ভিন্ন চিত্রও সামনে আসছে। বিশ্লেষণ অনুযায়ী, যুদ্ধের জটিলতা এবং অপ্রত্যাশিত পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের নির্ধারিত সময়সূচিকে অনিশ্চিত করে তুলছে। ওভাল অফিসের ভেতরে এ নিয়ে চাপ ও দুশ্চিন্তার কথাও উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়, আলোচনায় অগ্রগতি না হলে হামলা বাড়ানোর হুমকি থাকলেও, একই সঙ্গে সংঘাত থেকে দ্রুত বেরিয়ে আসার পথও খুঁজছে ওয়াশিংটন। কারণ দীর্ঘমেয়াদি যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বড় ঝুঁকি তৈরি করতে পারে—এমন আশঙ্কাও রয়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

মতামত দিন