সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, ঘুরলেন একাধিক মন্ত্রণালয়।
কোনো পূর্বসূচি ছাড়াই সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকালে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন তিনি।
সকাল ৯টার কিছুক্ষণ পর সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। তবে প্রচলিত নিয়মে নিজের কার্যালয়ে না গিয়ে সরাসরি ৬ নম্বর ভবনের দিকে যান এবং সেখানে অবস্থিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে ঢুকে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এরপর একই ভবনের বিভিন্ন তলায় থাকা মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
পরবর্তীতে তিনি ৫ নম্বর ভবনে গিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন। সেখান থেকে ৩ নম্বর ভবনে গিয়ে বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দাপ্তরিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
সব মিলিয়ে সচিবালয়ের বিভিন্ন ভবনে থাকা অন্তত আটটি মন্ত্রণালয় ঘুরে দেখার পর তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে যান।
অন্যদিকে, দিনের বাকি সময়েও প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি নির্ধারিত রয়েছে। এর মধ্যে সকালে কৃষক কার্ডসংক্রান্ত একটি বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে তার। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা অংশ নেবেন।

মতামত দিন