জাতীয়
ছবি: সংগৃহীত

জ্বালানি নিরাপত্তা জোরদারে সিলেটসহ ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন ও নজরদারি বৃদ্ধি।

নিজেস্ব প্রতিবেদক:

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে বিজিবি। বিশেষ করে সিলেট অঞ্চলের একাধিক ডিপোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করে নজরদারি বাড়ানো হয়েছে।

সিলেটের যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এবং পদ্মা অয়েল পিএলসির ডিপোতে পৃথকভাবে এক প্লাটুন করে বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। একইভাবে ৪৮ বিজিবির সদস্যরাও সংশ্লিষ্ট ডিপো এলাকায় টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বিজিবি সূত্র জানায়, শুধু সিলেট নয়, দেশের মোট ১৯টি জ্বালানি ডিপো এখন বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। প্রতিটি স্থানে দায়িত্বপ্রাপ্ত টিম নিয়মিত টহল, পর্যবেক্ষণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ডিপো এলাকায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভ্যন্তরীণ ও বাহ্যিক নজরদারি আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় পাচার রোধে ইমিগ্রেশন চেকপোস্ট ও ল্যান্ড কাস্টমস স্টেশনগুলোতে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানিয়েছেন, ডিপো ও আশপাশের এলাকায় নিয়মিত টহল চলছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার বলেন, পদ্মা ও মেঘনা ডিপোসহ বিভিন্ন স্থানে কয়েকদিন ধরেই সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং যেকোনো অনিয়ম প্রতিরোধে বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয় প্রশাসনও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে। পেট্রোল পাম্প পর্যায়ে তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে অবৈধ মজুদ বা কারসাজির তথ্য দিলে পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।

মতামত দিন