সরকার গণরায় মানছে না, সংবিধান দলীয়ভাবে ব্যাখ্যা করা হচ্ছে: নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গণরায়কে উপেক্ষা করছে এবং সংবিধানকে নিজেদের সুবিধামতো ব্যাখ্যা করছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সরকারের আচরণে দ্বিচারিতা দেখা যাচ্ছে। তাদের পক্ষে গেলে সংবিধান সঠিকভাবে প্রয়োগ হয়, আর বিপক্ষে গেলে তা উপেক্ষা করা হয়—এমন প্রবণতা আগের শাসনামলেও দেখা গেছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে সংসদকে নিয়ন্ত্রণ করে সংবিধানকে দলীয়করণ করেছিল, একই ধরনের প্রবণতা এখনকার সরকারেও লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থান অব্যাহত থাকলে জনগণ আবারও রাজপথে নেমে নিজেদের মতামত জানাবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তার ভাষায়, এনসিপি শুধু সংসদেই নয়, রাজপথেও সক্রিয় থাকবে। তারা রাজপথের আন্দোলন থেকে সংসদে এসেছে এবং সেই ভূমিকা ভুলে যাবে না।
সংস্কার, বিচার ও দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সংগ্রাম নারায়ণগঞ্জসহ সারা দেশে অব্যাহত রাখতে হবে।

মতামত দিন