জাতীয়
ছবি: সংগৃহীত

পুলিশ পোশাক পরিবর্তনের ইঙ্গিত, ঐতিহ্য ফিরিয়ে আনার আলোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের বর্তমান ইউনিফর্ম নিয়ে অসন্তোষ রয়েছে বাহিনীর মধ্যে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঐতিহ্যবাহী কোনো একটি নতুন পোশাক পুনরায় ফিরিয়ে আনার বিষয়ে সরকার পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এক পরিবর্তনের সময় পার করছে। নতুন প্রজন্মের পুলিশ কর্মকর্তারা এক ভিন্ন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় দায়িত্ব গ্রহণ করছেন, তাই তাদের জন্য চ্যালেঞ্জও বেশি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। পুলিশকে পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

পুলিশকে কোনো রাজনৈতিক শক্তির হাতিয়ার নয়, বরং জনগণের সেবক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অতীতের কিছু সময়ে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হলেও এখন ধীরে ধীরে তা পুনর্গঠনের পথে এগোচ্ছে।

২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই প্রশিক্ষণে মোট ৮০ জন অংশ নেন। এর মধ্যে ৭২ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। উত্তীর্ণদের মধ্যে ৬ জন নারী ও ৬৬ জন পুরুষ কর্মকর্তা রয়েছেন।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মতামত দিন