ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি ফের শুরু হচ্ছে রোববার।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর সচল হওয়ার কথা থাকলেও শনিবার তা আর শুরু করা যায়নি। ভারতের কাস্টমস বিভাগের এক কর্মকর্তার মৃত্যুতে হঠাৎ করেই দুই দেশের মধ্যে পণ্য পরিবহন স্থগিত হয়ে যায়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে রোববার থেকে আবারও বাণিজ্য চালু হবে।

এদিন পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী যাতায়াতে কোনো প্রভাব পড়েনি। পাসপোর্টধারীরা নিয়মিতভাবেই পারাপার করেছেন।

ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঈদ উপলক্ষে টানা কয়েকদিন বন্ধ থাকার পর শনিবার থেকেই কার্যক্রম শুরুর প্রস্তুতি ছিল। কিন্তু ভারতীয় কাস্টমসের এক দায়িত্বশীল কর্মকর্তার মৃত্যুর খবর পাওয়ার পর সেদেশের পক্ষ থেকে পণ্য রফতানি স্থগিত রাখা হয়, ফলে বন্দর কার্যত অচল হয়ে পড়ে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী কাজ শুরুর কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় তা সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।

অন্যদিকে, বন্দরের অপারেশন কার্যক্রমে ভেতরে বড় ধরনের কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন পানামা পোর্টের অপারেশন ম্যানেজার অসিত কুমার শ্যানাল। তিনি বলেন, পণ্য ওঠানামা ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ স্বাভাবিক থাকলেও মূল বাণিজ্য কার্যক্রমই কেবল বন্ধ রয়েছে।

মতামত দিন