ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত চারজন।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন কৃষক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস, সুনীল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাসসহ মোট ছয়জন কৃষক ওই মাঠে পেঁয়াজ উত্তোলনের কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ বজ্রপাত হলে সবাই আহত হন।
পরে আহতদের দ্রুত উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অপু বিশ্বাস ও সমীর বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। বাকি চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা বিষ্ণু কুমার বলেন, আহতদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শৈলকূপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ জানান, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে তারা শুনেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মতামত দিন