অর্থনীতি
ছবি: সংগৃহীত

জ্বালানি তেল বাজারে ঝাঁকুনি, দাম বাড়ল ৬ শতাংশ।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ করেই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যারেলপ্রতি দাম এক লাফে বেড়ে ১১৪ ডলারের ওপরে পৌঁছেছে, যা বাজারে নতুন অস্থিরতা তৈরি করেছে।

শুক্রবার (২৭ মার্চ) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের ফিউচারসে বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে। এদিন ব্রেন্টের দাম ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ১১৪ দশমিক ২ ডলারে দাঁড়ায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারসও ৬ দশমিক ১৮ শতাংশ বেড়ে ১০০ ডলারের ওপরে পৌঁছায়।

বিশ্লেষণ অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিক থেকে এখন পর্যন্ত ব্রেন্ট তেলের দাম প্রায় ৪৫ শতাংশ এবং ডব্লিউটিআই তেলের দাম প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রাশিয়া ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির মন্ত্রিসভাকে এ বিষয়ে খসড়া সিদ্ধান্ত তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে তাস নিউজ জানিয়েছে।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি মন্ত্রণালয়কে এ নির্দেশ দেন। প্রস্তাব অনুযায়ী নিষেধাজ্ঞাটি ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের দাম ওঠানামা করছে।

নোভাক আরও জানান, বিদেশে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনো শক্তিশালী হলেও দেশের অভ্যন্তরীণ সরবরাহ স্থিতিশীল রাখাই সরকারের প্রধান অগ্রাধিকার।

মতামত দিন