পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা,বহু মার্কিন সেনা নিহতের দাবি।
ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, পারস্য উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ছয়টি ট্যাকটিক্যাল যুদ্ধজাহাজে তারা হামলা চালিয়েছে। এ ঘটনায় বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলেও দাবি করা হয়।
শুক্রবার আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন ট্রু প্রমিস-৪’-এর ৮৪তম ধাপের অংশ হিসেবে নৌ ইউনিটগুলো এই অভিযান পরিচালনা করে। তাদের দাবি অনুযায়ী, দুবাইয়ের উপকূল, বন্দর এলাকা এবং আল-শুয়ুখ বন্দরে অবস্থানরত মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সমন্বিত হাইব্রিড হামলা চালানো হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, এই অভিযানে নির্ভুলভাবে ছয়টি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। এতে মার্কিন সামরিক সরঞ্জাম ও অবস্থান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।
আইআরজিসি জানায়, হামলায় কদর-৩৮০ ক্রুজ মিসাইলসহ স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, মাঠ পর্যায়ের তথ্যে দেখা গেছে ছয়টির মধ্যে তিনটি যুদ্ধজাহাজ সাগরে ডুবে গেছে এবং বাকি তিনটিতে আগুন ধরে গেছে।
এছাড়া দুবাই উপকূলে মার্কিন ড্রোন ইউনিটের সমাবেশস্থল এবং একটি হোটেলে কামিকাজে ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলেও জানানো হয়। এতে বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি আইআরজিসির।
তবে এসব দাবির স্বাধীন কোনো উৎস থেকে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন