এমপি আবাসন বরাদ্দে নতুন তথ্য দিলেন চিফ হুইপ।
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
চিফ হুইপ বলেন, সংসদ সদস্যদের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য আবাসন সুবিধা নিশ্চিত করা এখন অগ্রাধিকার। নির্ধারিত সময়ের মধ্যেই বরাদ্দ কার্যক্রম শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় সংসদ কক্ষের সাউন্ড সিস্টেমে সাম্প্রতিক ত্রুটির বিষয়েও আলোচনা হয়। গত ১২ মার্চ অধিবেশনের উদ্বোধনী দিনে প্রযুক্তিগত সমস্যার কারণে সাময়িকভাবে কার্যক্রমে বিঘ্ন ঘটে।
তিনি জানান, ওই ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ ছিল, তা নির্ধারণে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে সভাপতি করে ১১ সদস্যের সংসদ কমিটি গঠন করা হয়। সংসদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও সদস্যদের সুযোগ-সুবিধা তদারকিই এ কমিটির মূল দায়িত্ব। আজকের বৈঠকে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন