আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেমে বড় ক্ষতি।

নিজেস্ব প্রতিবেদক:

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ড্রোন হামলার ঘটনায় রাডারসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

শনিবার (২৮ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, হামলার পরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

সরকারি সূত্রের বরাতে বলা হয়, হামলায় মূলত রাডার সিস্টেমে ‘গুরুতর’ ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি দক্ষিণ ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। শনিবার ভোরে এই ঘটনা ঘটে, যা যুদ্ধ পরিস্থিতিকে আরও বিস্তৃত করার ইঙ্গিত দিচ্ছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। হুমকি প্রতিহত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি করে তারা।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ দ্বিতীয় মাসে গড়ানোর সঙ্গে সঙ্গে ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েল লক্ষ্য করে হামলার ঘটনা নতুন মাত্রা যোগ করেছে।

মতামত দিন