ঈদের পর ঢাকামুখী চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে,২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে তিন কোটি টাকা।
ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফেরা মানুষের ঢলে যমুনা সেতু ও আশপাশের মহাসড়কে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। ফলে সেতুর ওপর দিয়ে পারাপার হওয়া গাড়ির সংখ্যা ও টোল আদায়—দুটোই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু ব্যবহার করেছে মোট ৪৬ হাজার ২৭৮টি যানবাহন। এ সময় টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন।
পরিসংখ্যান অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ১৬ হাজার ২২২টি। এসব থেকে আদায় হয় এক কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা টোল। অন্যদিকে ঢাকামুখী যানবাহনের সংখ্যা ছিল ৩০ হাজার ৫৬টি, যেগুলো থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহনের চাপ সামাল দিতে উভয় প্রান্তে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা বুথও ব্যবহার করা হচ্ছে।
সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে টোল আদায় কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন