দেশজুড়ে প্রতিটি পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত সরকারের।
বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থির পরিস্থিতির প্রভাব মোকাবিলায় দেশের অভ্যন্তরীণ জ্বালানি ব্যবস্থাপনা আরও কঠোরভাবে নজরদারির আওতায় আনছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে সরকারি কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, যিনি সরাসরি কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়।
নতুন ব্যবস্থায় দেশের প্রতিটি ফিলিং স্টেশনের জন্য একজন করে ‘ট্যাগ অফিসার’ দায়িত্ব পালন করবেন। তারা সংশ্লিষ্ট পাম্পের দৈনন্দিন কার্যক্রম তদারকি করবেন এবং নিয়মিত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবেন।
নিয়োগ প্রক্রিয়াও অঞ্চলভেদে ভাগ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এই দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা নিয়োগ দেবেন, আর উপজেলা পর্যায়ে দায়িত্ব থাকবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ওপর।
নিযুক্ত কর্মকর্তারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্ধারিত কাঠামো অনুযায়ী কাজ করবেন। ইতোমধ্যে দ্রুত সময়ের মধ্যে প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে তথ্য পাঠাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের মতে, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা, শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই নতুন তদারকি ব্যবস্থা চালু করা হয়েছে।
মতামত দিন