আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

নিজের রাজনৈতিক উত্তরাধিকার কেমন হবে—এই প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ভবিষ্যতে একজন ‘শান্তির দূত’ হিসেবেই স্মরণীয় হতে চান।

শনিবার (২৮ মার্চ) মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বলেন—এভাবে নিজেকে বর্ণনা করা ঠিক শোনায় না, তবুও তিনি চান ইতিহাস তাকে শান্তি প্রতিষ্ঠাকারী নেতা হিসেবে মূল্যায়ন করুক।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে তা স্পষ্ট মনে না হলেও তিনি নিজেকে একজন শান্তিস্থাপক হিসেবেই দেখেন।

অন্যদিকে, ইরান ইস্যুতে তার বক্তব্যে কঠোর অবস্থানই ফুটে উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প দাবি করেছেন—ইরানে হামলার জন্য এখনও কয়েক হাজার লক্ষ্যবস্তু নির্ধারিত রয়েছে, যার সংখ্যা প্রায় ৩ হাজার ৫৫৪।

তার ভাষায়, এসব লক্ষ্য দ্রুতই আঘাতের আওতায় আনা হবে। একই সঙ্গে তিনি বলেন, একসময় শক্তিশালী থাকা ইরান এখন আর আগের অবস্থানে নেই।

মার্কিন প্রেসিডেন্ট আরও মন্তব্য করেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত এখনো শেষ হয়নি, তবে এটি শেষ করা প্রয়োজন।

এর আগে বিভিন্ন সময়েও ইরানের বিরুদ্ধে নিজেদের সাফল্যের দাবি করেছেন ট্রাম্প। এমনকি এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জয় পেয়েছে—যদিও পরিস্থিতি এখনো পুরোপুরি শেষ হয়নি।

মতামত দিন