আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নেপালে বিক্ষোভ দমন নিয়ে তদন্ত,সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

নেপালে গত বছরের সহিংস বিক্ষোভ দমনের ঘটনায় দায় নির্ধারণের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে তার বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, সেপ্টেম্বর মাসে সংঘটিত বিক্ষোভে প্রাণহানির ঘটনায় তার ভূমিকা ছিল কি না—সেটি খতিয়ে দেখা হচ্ছে। একই ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও আটক করা হয়েছে।

গত ৮ ও ৯ সেপ্টেম্বর নেপালজুড়ে দুর্নীতিবিরোধী আন্দোলন সহিংস রূপ নেয়। শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধের প্রতিবাদ থাকলেও পরে তা বড় আকারের সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়। ওই সংঘর্ষে অন্তত ৭৭ জন নিহত হন, যাদের মধ্যে অনেক তরুণও ছিলেন।

ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)-এর নেতা মিন বাহাদুর শাহি জানান, সকালে পুলিশ এসে তাকে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র ওম অধিকারীও।

রাজনৈতিক প্রেক্ষাপটেও ঘটনাটি গুরুত্বপূর্ণ। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিনের মধ্যেই ওলিকে গ্রেপ্তার করা হলো। ওলির সরকারের পতনের পর এটিই ছিল প্রথম নির্বাচন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর সরাসরি নির্দেশের প্রমাণ না মিললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই অবহেলার কারণেই হতাহতের সংখ্যা বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ বলেছেন, এই পদক্ষেপ প্রতিহিংসা নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার অংশ। তার ভাষায়, “কেউ আইনের ঊর্ধ্বে নয়—এটাই এখন প্রমাণের সময়।”

মতামত দিন