অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের সংকট নেই, কিছু অসাধু চক্র কৃত্রিম চাপ সৃষ্টি করছে: জ্বালানিমন্ত্রী টুকু।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু। তার দাবি, বাজারে সাময়িক যে চাপ দেখা যাচ্ছে তা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।

শুক্রবার সকালে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে দেশের ভেতরে জ্বালানির চাহিদা হঠাৎ বেড়ে গেছে। আগে যেখানে একটি পেট্রোল পাম্পে দিনে এক লরি তেল বিক্রি হতো, এখন সেই পরিমাণ তেল মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।

টুকুর মতে, এই অস্বাভাবিক চাহিদার কারণে কিছু পাম্পে সাময়িকভাবে চাপ তৈরি হচ্ছে, যা সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করছে। তবে এটি কোনো প্রকৃত ঘাটতি নয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কিছু অসাধু চক্র মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে জেলা প্রশাসন ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে এবং সারাদেশে নজরদারি জোরদার করা হয়েছে।

অন্যদিকে, সম্ভাব্য চাহিদা সামাল দিতে জরুরি ভিত্তিতে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক উন্মুক্ত ক্রয় পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠান থেকে এই ডিজেল আনা হবে। এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে এক লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে দুই লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

মতামত দিন