যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এলো ৬২ হাজার টন গম।
যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত বড় একটি গমের চালান চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। ‘এমভি উবন নারি’ নামের জাহাজে করে আনা এই চালানে রয়েছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম।
সরকারি সূত্র জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী জি টু জি ভিত্তিতে এই গম আমদানি করা হয়েছে। এটি নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০৩-এর আওতায় দ্বিতীয় চালান।
এর আগে একই চুক্তির প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে আসে।
বর্তমানে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা চলছে। দ্রুত খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, মোট গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
খাদ্য মন্ত্রণালয় আরও জানায়, যুক্তরাষ্ট্র থেকে জি টু জি পদ্ধতিতে গম আমদানি কার্যক্রম চলমান রয়েছে। এর আগে জি টু জি-০১ ও জি টু জি-০২ চুক্তির আওতায় যথাক্রমে ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন গম দেশে এসেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম আমদানি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশে বছরে গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন হলেও উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টনের কাছাকাছি। ফলে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সরকার ও বেসরকারি পর্যায়ে বড় পরিমাণ গম আমদানির ওপর নির্ভর করতে হয়।
মতামত দিন