আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যাত্রীবাহী বাস-লরি সংঘর্ষে আগুন, নিহত অন্তত ১২ জন।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাস ও একটি লরির মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর আগুন ধরে গেলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার ভোরের দিকে মারকাপুরম জেলায় এই দুর্ঘটনা ঘটে। একটি বেসরকারি যাত্রীবাহী বাস তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই আটজন যাত্রী পুড়ে মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া ২৪ জনের মধ্যে আরও চারজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। বাকি আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো একটি গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে সঠিক কারণ এখনো নিশ্চিত নয় এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্তের জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।

বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

মতামত দিন