জাতীয়
ছবি: সংগৃহীত

পদ্মায় বাস ডুবি মৃতের সংখ্যা বেড়ে ২৬, তদন্তে দুই কমিটি।

নিজেস্ব প্রতিবেদক:

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে অধিকাংশ মরদেহ শনাক্ত করা গেছে, ইতোমধ্যে বেশিরভাগ লাশ স্বজনদের কাছে হস্তান্তরও করা হয়েছে।

বুধবার বিকেলে ৫ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। রাত ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটিকে নদী থেকে তুলতে সক্ষম হয়। বাসের ভেতর ও আশপাশ থেকে একে একে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনের তথ্যমতে, নিহতদের মধ্যে ২৩ জনের পরিচয় নিশ্চিত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ২২ জনের মরদেহ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পৃথকভাবে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি জেলা প্রশাসনের পক্ষ থেকে, অন্যটি নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, তদন্ত শেষ হলে প্রকৃত কারণ জানা যাবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল ও ফেরিঘাট এলাকায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এখনও নিখোঁজদের খোঁজে ছুটছেন অনেক পরিবার।

মতামত দিন