জাতীয়
ছবি: সংগৃহীত

তেল নিতে লাগবে ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’।

নিজেস্ব প্রতিবেদক:

জ্বালানি তেল সংগ্রহে নতুন নিয়ম জারি করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। এখন থেকে মোটরসাইকেলে তেল নিতে হলে বাধ্যতামূলকভাবে জেলা প্রশাসকের সিল-স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ দেখাতে হবে।

এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই জেলায় ফিলিং স্টেশনগুলোতে চাপ বেড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) রাত থেকেই বিভিন্ন পাম্পে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা যায়, অনেকেই আগে থেকেই তেল নেওয়ার চেষ্টা করছেন।

জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে নির্ধারিত সময়েই তেল সংগ্রহ করতে হবে। এর বাইরে কোনো অবস্থাতেই জ্বালানি সরবরাহ করা যাবে না। একই সঙ্গে ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে তেল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

তেল নেওয়ার সময় চালকদের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন থাকতে হবে। এছাড়া নিরাপত্তার জন্য হেলমেট পরাও বাধ্যতামূলক করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও অফিস কিংবা অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা যাবে।

আরও কড়াকড়ির অংশ হিসেবে বোতল, ড্রাম বা অন্য কোনো পাত্রে তেল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া কোথাও জ্বালানি কেনাবেচা করা যাবে না। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও স্পষ্ট করে দিয়েছে প্রশাসন।

তবে নতুন এই ব্যবস্থাকে স্বস্তির বদলে ঝামেলা হিসেবেই দেখছেন অনেক চালক। তাদের আশঙ্কা, এতে দৈনন্দিন চলাচলে নতুন করে ভোগান্তি বাড়বে।

মতামত দিন