চট্টলা এক্সপ্রেসে আগুন, এক ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল।
চট্টগ্রামমুখী রেলপথে হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি ও পাওয়ার কারে আগুন ধরে যায়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিএম গেট এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার পরপরই যাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। স্থানীয়রা জানান, আগুনের খবর দ্রুত ছড়িয়ে পড়লে চারদিকে উৎকণ্ঠা তৈরি হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, সেনাবাহিনী এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের পাওয়ার কার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রেলওয়ের পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঘটনার কারণে কিছু সময়ের জন্য রেল চলাচল ব্যাহত হলেও প্রায় এক ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ আবার স্বাভাবিক হয়ে আসে।
মতামত দিন