আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

তেহরানে স্টারলিংক ডিভাইসের খোঁজে অভিযান, আটক ৩৯।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের রাজধানী তেহরানে অবৈধ স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের অভিযোগে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানে একাধিক স্টারলিংক ডিভাইস জব্দের পাশাপাশি কয়েক ডজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ অভিযানে অন্তত সাতটি স্টারলিংক ইন্টারনেট যন্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকও জব্দ করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে ৪৯টি দেশীয় তৈরি বোমা, দুটি কালাশনিকভ রাইফেল, ১৬টি হ্যান্ডগান, ৫০টি ম্যাগাজিন এবং দেড় হাজারের বেশি গুলি উদ্ধার করা হয়েছে।

এদিকে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, দেশজুড়ে ইন্টারনেট নিয়ন্ত্রণ আরও কঠোর করেছে তেহরান। টানা ২৬ দিন ধরে বিভিন্ন এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন বা সীমিত রাখা হয়েছে। কোথাও স্টারলিংক ডিভাইস শনাক্ত হলেই তা জব্দ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে কড়া বক্তব্য দিয়েছে ইরানের সামরিক নেতৃত্ব। খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি বলেন, সামরিক শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের যে আত্মবিশ্বাস ছিল, তা এখন কার্যত প্রশ্নের মুখে পড়েছে। তার দাবি, পরিস্থিতি অনুকূলে থাকলে যুক্তরাষ্ট্র অনেক আগেই এ সংকট থেকে বেরিয়ে আসত।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় হামলার জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, সেখান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। এর আগে তেহরান সতর্ক করে জানিয়েছিল, তাদের অবকাঠামোয় আঘাত এলে পুরো অঞ্চলের জ্বালানি স্থাপনাই ঝুঁকির মুখে পড়বে।

মতামত দিন