মহান স্বাধীনতা দিবস আজ, বীরদের স্মরণে জাতি।
আজ ২৬ মার্চ—বাংলাদেশের ইতিহাসের এক গৌরবময় দিন, মহান স্বাধীনতা দিবস। এই দিনে গভীর শ্রদ্ধায় জাতি স্মরণ করছে মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে স্বাধীনতা।
১৯৭১ সালের এই দিনটিতেই স্বাধীনতার সংগ্রাম চূড়ান্ত রূপ নেয়। এর আগের রাত, ২৫ মার্চ, ছিল এক বিভীষিকাময় অধ্যায়—পাকিস্তানি বাহিনীর নৃশংস হামলায় নিরস্ত্র বাঙালিরা আক্রান্ত হয়। সেই আঘাত থেকেই শুরু হয় প্রতিরোধ, যা পরিণত হয় মুক্তিযুদ্ধে।
এরপর টানা নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর আসে বিজয়। বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন বাংলাদেশ।
৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবসকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনভর সেখানে মানুষের ঢল নামবে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
ভোরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন। তাদের সঙ্গে থাকবেন মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিকে, সকাল ৯টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট। সাধারণ মানুষের জন্যও এই আয়োজন উন্মুক্ত রাখা হয়েছে। নির্দিষ্ট কয়েকটি গেট দিয়ে প্রবেশের সুযোগ থাকবে, তবে নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের ব্যাগ না আনার অনুরোধ জানানো হয়েছে।
মতামত দিন