৩ বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, আবহাওয়া দপ্তরের সতর্কতা।
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের বাইরে দেশের অধিকাংশ জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।
আবহাওয়ার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রংপুরের রাজারহাটে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে এক আবহাওয়া গবেষক সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে জানিয়েছেন, বুধবার সকাল পর্যন্ত উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর সঙ্গে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি এবং মাঝারি থেকে ভারি বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে।

মতামত দিন