জাতীয়
ছবি: সংগৃহীত

ধামরাইয়ে তীব্র জ্বালানি সংকট, বন্ধের পথে অধিকাংশ পাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাই উপজেলায় হঠাৎ করেই জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। এলাকার সাতটি ফিলিং স্টেশনের বেশিরভাগেই ডিজেল ও অকটেন শেষ হয়ে যাওয়ায় সরবরাহ কার্যত বন্ধ হয়ে পড়েছে।

বর্তমানে মাত্র দুটি পাম্পে অল্প পরিমাণ পেট্রোল থাকায় সেখানে ভিড় আর ভোগান্তি চরমে উঠেছে।

মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন পাম্পে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইন চোখে পড়ে। ডিজেল ও অকটেন না থাকায় বাস, ট্রাকসহ ব্যক্তিগত গাড়ির চালকেরা বিপাকে পড়েছেন। অনেককে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরতে দেখা গেছে।

যেখানে সামান্য পেট্রোল পাওয়া যাচ্ছে, সেখানে শত শত মোটরসাইকেল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেকে প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছেন না। এতে চালকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

লাইনে দাঁড়ানো কয়েকজন জানান, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল মিলছে না। পাম্প কর্তৃপক্ষ সীমিত পরিমাণে সরবরাহ দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।

কিছু চালক বলছেন, আতঙ্কে অনেকে ট্যাংক ভরে রাখার চেষ্টা করায় সংকট আরও তীব্র হয়েছে। এতে প্রকৃত প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকেই তেল পাচ্ছেন না।

এদিকে পাম্প মালিকরা জানিয়েছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মজুদে থাকা শেষ অংশটুকু দিয়েই আপাতত সরবরাহ চালানো হচ্ছে।

তাদের আশঙ্কা, দ্রুত নতুন করে তেল সরবরাহ না এলে এলাকার সব পাম্পই বন্ধ হয়ে যেতে পারে। তবে ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে যাবে বলেও আশা করছেন তারা।

মতামত দিন