উপকূল বা দ্বীপে হামলা হলে পারস্য উপসাগরে মাইন বসানোর হুঁশিয়ারি ইরানের।
উপকূল বা দ্বীপ লক্ষ্য করে কোনো হামলা চালানো হলে পারস্য উপসাগরের সব ধরনের যোগাযোগপথ মাইন দিয়ে অবরুদ্ধ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।
সোমবার (২৩ মার্চ) কাতারভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এই সতর্কতা এমন সময় এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন—ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে দেশটির জ্বালানি স্থাপনাগুলোতে হামলার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
এ পরিস্থিতিতে ইরানের জাতীয় প্রতিরক্ষা পরিষদ এক বিবৃতিতে জানায়, ইরানের উপকূল বা দ্বীপে কোনো আগ্রাসন চালানো হলে পারস্য উপসাগরের সব যোগাযোগপথ মাইন দিয়ে অবরুদ্ধ করা হবে। একই সঙ্গে বলা হয়, যেসব দেশ সরাসরি সংঘাতে জড়িত নয়, তাদের এই জলপথ ব্যবহার করতে হলে ইরানের সঙ্গে সমন্বয় করে চলতে হবে।
পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে খার্গ দ্বীপকে ঘিরে নতুন আলোচনা। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ওই দ্বীপ দখলের বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। ইরানের উত্তর উপকূল থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি, যেখানে বড় আকারের তেল সংরক্ষণ ও পরিবহন অবকাঠামো রয়েছে।
সূত্র: আল জাজিরা

মতামত দিন