অর্থনীতি
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট ও নিরাপত্তা ঝুঁকিতে পাম্প বন্ধের আশঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

সারাদেশে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ নিয়ে চরম সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে, তা দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

রোববার (২২ মার্চ) গভীর রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠেছে। এর প্রভাব দেশের বাজারেও পড়ছে এবং যেকোনো সময় পেট্রোল পাম্পগুলো কার্যক্রম বন্ধ করতে বাধ্য হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সংগঠনটির মতে, বর্তমানে অনেক পাম্পে তেল নিতে এসে ক্রেতাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভিড় বেশি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় পাম্প কর্মীরাও অতিরিক্ত চাপের মধ্যে কাজ করছেন বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের আগে কিছু পাম্পে যে পরিমাণ জ্বালানি মজুত ছিল, তা স্বাভাবিকভাবে কয়েকদিন চলার কথা থাকলেও হঠাৎ করে অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খলার কারণে দ্রুত শেষ হয়ে যায়। একাধিকবার একই ব্যক্তি তেল নিতে আসা এবং অনিয়মিতভাবে জ্বালানি সংগ্রহের অভিযোগও করেছে সংগঠনটি।

এছাড়া কিছু এলাকায় সংঘবদ্ধভাবে এসে পাম্পে চাপ সৃষ্টি করে জোরপূর্বক তেল নেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করা হয়। এতে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ট্যাংকার পরিবহনেও ঝুঁকি রয়েছে উল্লেখ করে বলা হয়, পথে জ্বালানি লুট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সব মিলিয়ে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং পাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিত না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে সংগঠনটি।

মতামত দিন