রাজনীতি
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে ফেসবুক পোস্ট ঘিরে জামায়াত ও বিএনপি সংঘর্ষ, আহত ১০, আটক ৫

নিজেস্ব প্রতিবেদক:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে  জামায়াত ও বিএনপি রাজনৈতিক পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) রাত প্রায় ১০টার দিকে উপজেলার কালিরহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর অবস্থায় দুজনকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দেওয়ার পর বিষয়টি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে উভয় পক্ষের সমর্থকরা জড়িয়ে পড়লে পরিস্থিতি সংঘর্ষে গড়ায়।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ করেছেন, প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিল। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ আনা হয়েছে, তাদের কর্মীদের ওপর হামলার জেরেই সংঘর্ষের সূত্রপাত।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

মতামত দিন