ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। নতুন করে দাম বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালি চালু করতে চাপ দেওয়ার পর বাজারে অস্থিরতা দেখা দেয়। একই সময় ইসরায়েলও সংঘাত দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দেয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
রোববার রাতে আন্তর্জাতিক বাজার খোলার সঙ্গে সঙ্গেই তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের মে মাসের সরবরাহমূল্য দ্রুত বেড়ে ১০০ ডলারের ওপরে ওঠে। পরে কিছুটা কমলেও তা উচ্চমাত্রাতেই থাকে।
অন্যদিকে, ব্রেন্ট ক্রুডের দামও একই সময়ে বেড়ে ১১৩ ডলারের বেশি ছুঁয়ে ফেলে। লেনদেন শুরুর কিছুক্ষণ পর তা সামান্য কমে ১১১ ডলারের কাছাকাছি স্থিতিশীল হয়।
সংঘাত শুরুর আগে যেখানে তেলের দাম তুলনামূলকভাবে কম ছিল, সেখানে বর্তমান পরিস্থিতিতে দ্রুত বৃদ্ধি বাজারে নতুন চাপ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা এবং সামরিক উত্তেজনা অব্যাহত থাকলে জ্বালানি বাজারে আরও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।
মতামত দিন