আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী পাঁচদিনে ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী কয়েকদিন দেশে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বিভিন্ন অঞ্চলজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) প্রকাশিত আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়, রাজধানীসহ আশপাশের এলাকায় দিনভর আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতসহ স্বল্পমাত্রার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করায় দেশের আবহাওয়ায় এ পরিবর্তন দেখা যাচ্ছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু স্থানে ঝড়ো হাওয়াসহ অস্থায়ী বৃষ্টিপাত হতে পারে।

পাশাপাশি বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। তবে পরবর্তী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে গিয়ে অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার ক্ষেত্রে দিনে সামান্য বৃদ্ধি পেতে পারে, আর রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মতামত দিন