আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি ইরানের।

নিজেস্ব প্রতিবেদক:

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। প্রণালিটি খুলে দিতে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অন্যথায় দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (২১ মার্চ) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে কোনো শর্ত ছাড়া হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিতে হবে। তা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হতে পারে—এমনকি বড় কেন্দ্র দিয়েই অভিযান শুরু হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এর জবাবে ইরানও পাল্টা অবস্থান নিয়েছে। তেহরান জানিয়েছে, তাদের ওপর হামলা হলে আঞ্চলিক জ্বালানি ও পানি সরবরাহের সঙ্গে যুক্ত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে।

ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, বিদ্যুৎকেন্দ্র কিংবা সংশ্লিষ্ট অবকাঠামোতে আঘাত এলে মার্কিন ও ইসরায়েল-সম্পৃক্ত বিভিন্ন স্থাপনায় পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে পানি লবণমুক্তকরণ প্ল্যান্ট ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোও থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।

অতীতেও ইরানের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা এসেছে। দেশটির সাবেক নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সতর্ক করে বলেছিলেন, বিদ্যুৎ গ্রিডে বড় ধরনের হামলা হলে পুরো অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিতে পারে।

এদিকে এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। আরাদ ও দিমোনা এলাকায় আঘাত হানার পর হতাহতের সংখ্যা বাড়ে এবং কিছু মানুষের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় সরাসরি আঘাত লাগে বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি এখনো উত্তপ্ত থাকায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ বাড়ছে।

মতামত দিন