কুমিল্লায় ট্রেন–বাস সংঘর্ষে নিহত ১২, বন্ধ রেল যোগাযোগ।
কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায় ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
শনিবার (২১ মার্চ) রাত প্রায় ৩টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনের সঙ্গে ‘মামুন পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপরিদর্শক জনি বড়ুয়া বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ইদ্রিস জানান, বাসটি গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় এটি দুমড়ে-মুচড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে।
মতামত দিন