জাতীয়
ছবি: সংগৃহীত

শোলাকিয়া ঈদগাহে যাতায়াতে ‘শোলাকিয়া স্পেশাল’ ট্রেন চালু।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে মুসল্লিদের যাতায়াত সহজ করতে এবারও দুটি বিশেষ ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ‘শোলাকিয়া স্পেশাল’ নামে পরিচিত এই ট্রেনগুলো ঈদের দিন চলাচল করবে।

শনিবার (২১ মার্চ) ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে ছেড়ে আসা ট্রেন দুটি মুসল্লিদের দ্রুত শোলাকিয়ায় পৌঁছে দেবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনটি ভোর পৌনে ৬টায় যাত্রা শুরু করে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জে পৌঁছাবে। নামাজ শেষে দুপুর ১২টায় আবার ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহে ফিরবে।

এই ট্রেনটি পথে শম্ভুগঞ্জ, বিসকা, গৌরিপুর, বোকাইনগর, ঈশ্বরগঞ্জ, সোহাগী, আঠারবাড়ী, নান্দাইল রোড, মুসুল্লি ও নীলগঞ্জ স্টেশনে সংক্ষিপ্ত বিরতি দেবে।

অন্যদিকে ভৈরব থেকে ভোর ৬টায় ছেড়ে আসা আরেকটি ট্রেন সকাল ৮টায় কিশোরগঞ্জে পৌঁছাবে। ঈদের জামাত শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ ত্যাগ করে এটি দুপুর ২টায় ভৈরবে পৌঁছাবে। এই ট্রেনটি কালিকাপ্রসাদ, ছয়সূতি, কুলিয়ারচর, বাজিতপুর, সরারচর, হালিম মকসুদপুর, মানিকখালি ও গচিহাটা স্টেশনে থামবে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং রেলওয়ের স্টেশন মাস্টার খলিলুর রহমান জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও মুসল্লিদের সুবিধার কথা বিবেচনা করেই এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে।

মতামত দিন