আল-আকসার আশপাশে ঈদের নামাজে বাধা, মুসল্লিদের ওপর হামলার অভিযোগ।
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে গিয়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে বাধার মুখে পড়েছেন মুসল্লিরা। অভিযোগ রয়েছে, তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শুক্রবার (২০ মার্চ) সকালে জেরুজালেমের পুরোনো শহরের প্রবেশপথে শত শত মুসল্লিকে আটকে দেওয়া হয়। ফলে তারা আল-আকসা চত্বরে প্রবেশ করতে না পেরে রাস্তাতেই ঈদের নামাজ আদায় করেন। অনেকেই মসজিদের যতটা সম্ভব কাছাকাছি অবস্থান নিয়ে নামাজ পড়েন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার পর থেকেই আল-আকসা এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর ধারাবাহিকতায় মুসল্লিদের জন্য মসজিদ প্রাঙ্গণ কার্যত বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আরব লীগ, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আফ্রিকান ইউনিয়ন এক যৌথ বিবৃতিতে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মুসলিমদের ধর্মীয় অনুভূতির ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
মতামত দিন