রাজনীতি
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মানুষের জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। রমজান মাসের শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, রমজান মানুষকে সংযম, ধৈর্য, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজে ধনী-গরিবসহ সব শ্রেণির মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্য ও ভালোবাসা প্রতিষ্ঠিত হয়।

তিনি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি জাতীয় ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করার কথাও বলেন।

সবশেষে তিনি দেশবাসীকে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং সবার জীবনে ঈদের আনন্দ, রহমত ও বরকত কামনা করেন।

মতামত দিন