খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বৈষম্য ঠেকাতে ব্যর্থতা, ইসরায়েল ফুটবল সংস্থাকে ফিফার জরিমানা।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলি ফুটবলে বর্ণবাদ ও বৈষম্যমূলক আচরণ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফিফার শৃঙ্খলা কমিটির তথ্য অনুযায়ী, আইএফএ-কে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে, যা প্রায় ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলারের সমান। ক্লাব ‘বেইটার জেরুজালেম’-এর সমর্থকদের বর্ণবাদী আচরণ এবং আরব ফুটবলারদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ফিফা বিষয়টিকে সংস্থাটির একটি ‘প্রাতিষ্ঠানিক সমস্যা’ হিসেবে উল্লেখ করেছে।

২০২৪ সালে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) বৈষম্যের অভিযোগ তুলে আইএফএ-র সদস্যপদ স্থগিতের দাবি জানায়। যদিও ফিফা ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করেনি, তবে তাদের আচরণকে ফিফার নীতিমালার পরিপন্থী বলে উল্লেখ করেছে।

শাস্তির অংশ হিসেবে আইএফএ-কে আগামী তিনটি আন্তর্জাতিক ম্যাচে ‘ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড—নো টু ডিসক্রিমিনেশন’ স্লোগানসংবলিত ব্যানার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানার অর্থের এক-তৃতীয়াংশ বৈষম্যবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে ব্যয় করতে হবে।

তবে অধিকৃত পশ্চিম তীরের বসতিগুলোতে ইসরায়েলি ক্লাবগুলোর কার্যক্রম নিয়ে ফিলিস্তিনের পৃথক অভিযোগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি ফিফা। বিষয়টি এখনো তদন্তাধীন।

মতামত দিন