সৌদি আরবের সঙ্গে মিল রেখে বগুড়ার তিন স্থানে ঈদুল ফিতর উদযাপন।
বগুড়ার গাবতলীসহ জেলার তিনটি স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই এসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে গাবতলী উপজেলার রেল স্টেশন মসজিদে ইসলামী সমাজ সংস্কার আন্দোলনের উদ্যোগে প্রায় অর্ধশত মুসল্লি সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ আদায় করেন। স্থানীয় ও বিভিন্ন এলাকার মুসল্লিরা এতে অংশ নেন।
নামাজে ইমামতী করেন লালমনিরহাটের পাটগ্রাম আজোয়ারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা লাইলাতুল কদর। জামাতে পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিদের জন্যও পৃথক ব্যবস্থাপনা রাখা হয়।
অংশগ্রহণকারীরা জানান, তারা পারিবারিক ও ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে সৌদি আরবের সময়সূচির সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন। অনেকেই ছোটবেলা থেকেই এভাবে ঈদ উদযাপন করে আসছেন বলে উল্লেখ করেন।
ইমাম মাওলানা লাইলাতুল কদর বলেন, ধর্মীয় বিধান ও রীতিনীতি অনুসরণ করেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। হাদিসের আলোকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনকে তারা অনুসরণ করছেন বলে জানান তিনি।
ঈদের এই জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ছাড়া ধুনট উপজেলার হাশুখালী ও সোনাতলার কালাইগাটা গ্রামেও কয়েকটি পরিবারের মুসল্লিরা সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।
মতামত দিন