ঈদ উপলক্ষে বিশ্ব মুসলিমদের শুভেচ্ছা জানাল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের মুসলিমদের প্রতি শুভেচ্ছা বার্তা প্রকাশ করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও শুক্রবার (২০ মার্চ) এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে ইসরায়েলি নাগরিকদের পাশাপাশি বিশ্বের মুসলিমদের উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানায়। পোস্টে একটি কার্ডও সংযুক্ত করা হয়, যেখানে ইংরেজি ও আরবি ভাষায় ‘ঈদ মোবারক’ লেখা ছিল।
বার্তায় বলা হয়, এই উৎসব শান্তি, আনন্দ এবং ভবিষ্যতের জন্য যৌথ আশার প্রতীক হয়ে উঠুক। একই সঙ্গে মুসলিম বন্ধুদের প্রতি শুভকামনাও জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই ধরনের শুভেচ্ছা বার্তা প্রতি বছর রমজান ও ঈদ উপলক্ষে দিয়ে থাকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে চলমান আঞ্চলিক সংঘাত ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এবারের বার্তাটি আলাদা গুরুত্ব পাচ্ছে।
বিশ্লেষকদের মতে, এমন বার্তা জনপরিসরে শান্তি ও সহাবস্থানের একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হতে পারে। তবে বাস্তব পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ থাকায় এই ধরনের কূটনৈতিক বার্তার তাৎপর্য নিয়ে আলোচনা চলছে।

মতামত দিন