জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে পদ্মা সেতুতে ১ লাখের বেশি যানবাহন পারাপার,টোল আদায়ের রেকর্ড।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে পদ্মা সেতু ও ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায়। ছুটির প্রথম তিন দিনে এই রুটে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা সেতু দিয়ে ওই তিন দিনে মোট ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে। শুক্রবার (২০ মার্চ) উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে পদ্মা সেতু দিয়ে ১ লাখ ৮০২টি যানবাহন পারাপার হয়েছিল। এ বছর যানবাহনের সংখ্যা তুলনামূলক কিছুটা বেশি।

টোল আদায়ের দিক থেকেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ঈদের ছুটির প্রথম তিন দিনে পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা। ২০২৫ সালে একই সময়ে টোল আদায় হয়েছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।

অন্যদিকে যমুনা সেতুতেও ঈদযাত্রায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের ১৮ মার্চ একদিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়, যেখানে ২০২৫ সালে সর্বোচ্চ ছিল ৪৮ হাজার ৩৬৮টি।

একই দিনে যমুনা সেতুতে সর্বোচ্চ টোল আদায় দাঁড়ায় ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা। ২০২৫ সালে এই অঙ্ক ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষের মতে, যানবাহনের চাপ বেশি থাকলেও বড় ধরনের দুর্ঘটনা বা দীর্ঘ যানজটের ঘটনা ঘটেনি। তাদের দাবি, সড়ক ও সেতু ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের ফলে ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে।

মতামত দিন