জুমাতুল বিদায়ের দিনে বৃষ্টি—রহমতের ছোঁয়ায় সিক্ত রাজধানী।
রমজানের শেষ জুমা ‘জুমাতুল বিদা’ উপলক্ষে সারা দেশে ধর্মীয় আবহে দিনটি পালিত হলেও রাজধানীতে হঠাৎ বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন মুসল্লিরা।
শুক্রবার ভোর থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল।
রমজানের শেষ শুক্রবার হওয়ায় এই জুমার গুরুত্ব বিশেষভাবে বিবেচিত। ‘জুমাতুল বিদা’ বলতে রমজানের শেষ জুমাকেই বোঝানো হয়। এটি আলাদা কোনো ফরজ ইবাদত না হলেও রমজানের শেষ সময়ে এর ধর্মীয় গুরুত্ব অনেক বেশি।
এদিকে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, দুপুরের পর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানছে। দুপুর ১২টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও এর পার্শ্ববর্তী এলাকায় লঘুচাপের প্রভাব রয়েছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সক্রিয় থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে এই আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন