জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সব প্রস্তুতি শেষ,প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়।
ঈদের প্রধান জামাত ঘিরে রাজধানীর জাতীয় ঈদগাহে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় এখানে নামাজ অনুষ্ঠিত হবে, যেখানে দীর্ঘ বিরতির পর একসঙ্গে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রায় এক মাস ধরে চলা প্রস্তুতি কার্যক্রম শেষে শুক্রবার ময়দানটি মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়। আয়োজকরা জানিয়েছেন, মূল প্যান্ডেলে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। জায়গা পূর্ণ হয়ে গেলে আশপাশের খোলা স্থান ও সড়ক মিলিয়ে প্রায় এক লাখ মানুষের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।
জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং মন্ত্রিপরিষদের সদস্যসহ প্রায় ৩৩০ জন ভিআইপির জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।
মাঠজুড়ে ১২১টি কাতার তৈরি করা হয়েছে। গরম ও আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে প্যান্ডেলের ভেতরে এক হাজারের বেশি ফ্যান স্থাপন করা হয়েছে, পাশাপাশি ভিআইপি জোনে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও রাখা হয়েছে। বৃষ্টির ঝুঁকি মোকাবিলায় পুরো কাঠামোর ওপর উন্নতমানের ত্রিপল ব্যবহার করা হয়েছে।
ওজুর জন্য আলাদা ব্যবস্থা, নারী-পুরুষের পৃথক জোন এবং জরুরি চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে। পুরো এলাকা সিসিটিভির আওতায় এনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় প্রধান জামাত আয়োজনের প্রস্তুতিও রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মতামত দিন