আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

লারিজানির মৃত্যুতে মোজতবা খামেনিকে শোক প্রকাশ ভ্লাদিমির পুতিনের।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে রাশিয়া। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে সমবেদনা বার্তা পাঠিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বার্তায় পুতিন বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালনকারী লারিজানির মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।

তিনি লারিজানিকে রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, মস্কো ও তেহরানের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দুই দেশের সম্পর্ক উন্নয়নে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তেহরানের কাছে এক বিমান হামলায় লারিজানি নিহত হয়েছেন। পরে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদও নিশ্চিত করে, ওই হামলায় তার ছেলে, সহযোগী রেজা বায়াতসহ আরও কয়েকজন নিহত হয়েছেন।

এ ঘটনার আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, কোনো দেশের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলার মতো কর্মকাণ্ডকে রাশিয়া কঠোরভাবে নিন্দা জানায়।

বিশ্লেষকদের মতে, এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

মতামত দিন