আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে টোল আরোপের বিষয়ে ভাবছে ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর ওপর টোল ও কর আরোপের বিষয়ে ভাবছে ইরান। দেশটির আইনপ্রণেতাদের পক্ষ থেকে এমন একটি প্রস্তাব নিয়ে কাজ চলছে বলে জানা গেছে।

ইরানের সংসদ সদস্য সোমায়ে রাফিই এক জনসমাবেশে এ বিষয়ে কথা বলেন। তেহরানের ওয়ালিআসর স্কোয়ারে আয়োজিত ওই সমাবেশে তিনি হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় ইরানের ভূমিকার ওপর জোর দেন।

তার ভাষ্য অনুযায়ী, আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনে ইরান এখন এমন অবস্থানে রয়েছে, যা প্রতিপক্ষদের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। তাদের আগের সুবিধাজনক অবস্থান আর নেই বলেও মন্তব্য করেন তিনি।

রাফিই আরও বলেন, চলমান সংঘাত শেষ পর্যন্ত ইরানের পক্ষে যাবে বলে তারা বিশ্বাস করেন। সেই পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত ভবিষ্যতে প্রতিপক্ষদের জন্য আরও কঠিন হয়ে উঠবে বলেও ইঙ্গিত দেন তিনি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত এই প্রণালিকে কেন্দ্র করে ইরানের এমন উদ্যোগ নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : বিবিসি বাংলা

মতামত দিন