আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আমিরাতের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে ইরান। মার্কিন হামলায় সহায়তার অভিযোগ তুলে দেশটির কাছে ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান।

বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানানো হয়। চিঠিটি পাঠান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

চিঠিতে ইরানের পক্ষ থেকে বলা হয়, আমিরাত তাদের ভূখণ্ড ও সামরিক স্থাপনা ব্যবহারের সুযোগ দিয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে, যা সরাসরি ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়।

তেহরানের দাবি, এর ফলে দেশটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে—যা কেবল অবকাঠামো নয়, নৈতিক ও মানবিক ক্ষেত্রেও প্রভাব ফেলেছে। এসব ক্ষতির দায় সম্পূর্ণভাবে আমিরাতের ওপর বর্তায় বলে দাবি করা হয়েছে।

একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে আমিরাতকে জবাবদিহির আওতায় আনার কথাও বলা হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সব ধরনের ক্ষয়ক্ষতির জন্য পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ চাওয়া হয়েছে চিঠিতে।

এ বিষয়ে এখনো সংযুক্ত আরব আমিরাত কিংবা জাতিসংঘের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, এই ইস্যু মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক টানাপোড়েন তৈরি করতে পারে।

মতামত দিন