জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: সড়ক প্রতিমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগ যাত্রী কল্যাণ সমিতি করেছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তার মতে, এখন পর্যন্ত কোনো যাত্রী এ ধরনের ভাড়া নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি।

বৃহস্পতিবার সকালে তিনি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি স্টেশনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার কাজ করছে এবং রেলওয়ের চলাচল পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। তার ভাষায়, বর্তমানে বেশিরভাগ ট্রেনই স্বাভাবিকভাবে চলাচল করছে, শুধু দুইটি ট্রেনে সামান্য সমস্যা রয়েছে।

তিনি আরও বলেন, ঈদযাত্রা চলাকালে যে কোনো ধরনের দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় সরকারের ওপর বর্তায়। তবে একই সঙ্গে যাত্রীদেরও সচেতন থাকার প্রয়োজন রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ঈদের পর রেল সেবার মান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা আরও সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এদিকে এর আগে যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে দাবি করা হয়, এবারের ঈদযাত্রায় বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। তাদের অভিযোগ, বিভিন্ন রুটে ভাড়া বাড়িয়ে নেওয়ার ঘটনা ব্যাপকভাবে ঘটছে।

মতামত দিন