আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঈদের দিন ঝড়-বৃষ্টির শঙ্কা, রাজধানীতেও প্রভাব পড়তে পারে।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদকে ঘিরে আনন্দের আবহের মাঝেই আবহাওয়ার দিক থেকে সতর্কতার আভাস পাওয়া যাচ্ছে। সম্ভাব্য ঈদের দিন সারা দেশে বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের মতে, ওই দিন সকালে এবং সন্ধ্যার দিকে পৃথক দুই ধাপে শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে। এর প্রভাব রাজধানী ঢাকাতেও পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, ঈদের আগের রাতের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ অঞ্চল থেকে একটি ঝড় বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে। প্রবেশের পর তা দেশের উত্তরাঞ্চল হয়ে ধীরে ধীরে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে।

সাধারণত এ ধরনের ঝড় প্রথমে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হানে, এরপর সময়ের সঙ্গে সঙ্গে মধ্যাঞ্চল হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে বিস্তার লাভ করে। সেই হিসেবে সকালে রাজধানীতে ঝড়ের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ঝড়ের সুনির্দিষ্ট সময় আগাম নির্ধারণ করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি ঈদের আগের ও পরের দিনেও দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা থাকবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে, যার ফলে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

মতামত দিন