জাতীয়
ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ঘটনাস্থল ঘুরে দেখলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনার পর পরিস্থিতি সরেজমিন দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। বুধবার (১৮ মার্চ) রাত প্রায় সাড়ে ৯টার দিকে তিনি লঞ্চ টার্মিনালে পৌঁছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের সময় তিনি দুর্ঘটনার কারণ ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

প্রাথমিক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট দুটি লঞ্চের রুট পারমিট ইতোমধ্যে বাতিল করা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি নৌপরিবহন মন্ত্রণালয় এবং অন্যটি বিআইডব্লিউটিএ থেকে গঠিত হয়েছে। কমিটিগুলোকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য এবং তাদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকায়। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র: বাসস

মতামত দিন