কাতারে হামলা হলে ইরানের বিরুদ্ধে ‘ভয়াবহ’ জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের।
ইরান আবার কাতারের জ্বালানি স্থাপনায় হামলা চালালে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হলে জবাব হবে ‘ভয়াবহ’।
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, ইরান যদি কাতারের মতো একটি দেশকে লক্ষ্য না করত, তাহলে ইসরায়েলও সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার পথে যেত না।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যুক্তরাষ্ট্র সরাসরি পদক্ষেপ নিতে পারে—সে ক্ষেত্রে ইসরায়েলের সহায়তা থাকুক বা না থাকুক, বড় ধরনের সামরিক শক্তি ব্যবহার করা হবে। তার ভাষায়, এমন হামলা হলে সাউথ পার্স গ্যাসক্ষেত্র সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হতে পারে।
তবে ট্রাম্প এ ধরনের সংঘাত এড়ানোর কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, এমন ধ্বংসযজ্ঞ ইরানের ভবিষ্যতের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে, যা তিনি দেখতে চান না।
একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, কাতারের এলএনজি স্থাপনায় নতুন করে আঘাত হানলে যুক্তরাষ্ট্র দেরি না করে প্রতিক্রিয়া জানাবে।
সূত্র: আল-জাজিরা
মতামত দিন