৯৯.৯৩ শতাংশ ভোটে আবারও ক্ষমতায় কিম জং-উনের দল।
উত্তর কোরিয়ায় ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি নির্বাচনে প্রায় শতভাগ ভোট পড়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এতে কিম জং-উনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল বিপুল ব্যবধানে জয় পেয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৯৯ দশমিক ৯৯ শতাংশ। এর মধ্যে ক্ষমতাসীন দল পেয়েছে ৯৯ দশমিক ৯৩ শতাংশ ভোট, যা সরকার জনগণের ঐক্যের প্রতিফলন হিসেবে দেখাচ্ছে।
এই নির্বাচনের মাধ্যমে মোট ৬৮৭ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছে। তবে অন্যান্যবারের মতো এবারও প্রতিটি আসনে একজন করে প্রার্থী থাকায় ভোটারদের সামনে কার্যত সমর্থন বা বিরোধিতা জানানোর সুযোগই ছিল।
সরকারি হিসাবে মাত্র শূন্য দশমিক শূন্য সাত শতাংশ ভোট প্রার্থীদের বিপক্ষে গেছে। এত কম সংখ্যক বিরোধী ভোট নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা তৈরি হয়েছে।
ভোটের দিন কিম জং-উন একটি কয়লা খনিতে গিয়ে ভোট দেন। সেখানে তিনি দেশের অর্থনীতিতে জ্বালানি ও কয়লা খাতের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় তার বোন কিম ইয়ো-জংসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা দেশের উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্য সামনে রেখে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
তবে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরেই এ ধরনের নির্বাচনের স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন রয়েছে।
সূত্র: দ্য পিয়ংইয়ং টাইমস

মতামত দিন